শান্তিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে আনসার সদস্য নিহত

শান্তিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে আনসার সদস্য নিহত

ফন্ট সাইজ:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উজ্জ্বল হোসেন (২৭) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার ডাবর পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল হোসেন জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ব্লাড ব্যাংক জামালগঞ্জ’-এর প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিনের ছুটি কাটাতে উজ্জ্বল বাড়িতে এসেছিলেন। সোমবার সকালে মোটরসাইকেলযোগে মৌলভীবাজারে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে ডাবর পয়েন্ট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

শান্তিগঞ্জ থানার ওসি মো. অলিউল্লাহ বলেন, ‘সকাল আনুমানিক ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মরদেহ বর্তমানে থানা হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা হয়েছে। তারা থানায় এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’