জামায়াত এমপি শাহজাহান চৌধুরীর পিএসের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা

জামায়াত এমপি শাহজাহান চৌধুরীর পিএসের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা

ফন্ট সাইজ:

চট্টগ্রাম-১৫ আসনের বিরোধী দলীয় (জামায়াত) সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর পিএস মো. আরমান উদ্দিনসহ চারজনের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। চাঁদা না পেয়ে দোকান ও ঘর দখল না ছাড়া, মারধর এবং হত্যা করে লাশ গুমের হুমকির অভিযোগে এ মামলা করা হয়।

ভুক্তভোগীর অভিযোগ, থানায় প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা ভুক্তভোগীর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে দোকান ও বসতঘর ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। অভিযোগে উল্লেখ করা হয়, আসামি আরমান উদ্দিন মোবাইল ফোনে বাদীকে বলেন, ‘আমাদের এলাকায় বসবাস করতে হলে কথামতো চলতে হবে।’ অপর আসামি আদিল চাঁদা না দিলে বাদীকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেন। একপর্যায়ে অভিযুক্ত আরিফ উদ্দিন, শওকত আলী, আরমান উদ্দিন ও আদিল তাকে এলোপাতাড়ি মারধর করেন।

বাদী জানান, ঘটনার পরপরই তিনি লোহাগাড়া থানায় গিয়েছিলেন। পুলিশ মামলা নেওয়ার কথা বলে ঘটনাস্থল পরিদর্শন করলেও শেষ পর্যন্ত তা গ্রহণ করেনি। ফলে তিনি আদালতের আশ্রয় নিতে বাধ্য হন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আরমান উদ্দীন টেলিফোনে জানান, ‘মামলায় যে তারিখের কথা বলা হয়েছে, তার অনেক আগে থেকেই আমি ও আমার ভাই আরিফ সৌদি আরবে আছি। বাদীকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। যে নম্বরের কথা বলা হচ্ছে, সেখান থেকে কোনো কল দেওয়ার প্রমাণও বাদী দিতে পারবেন না।’
অন্যদিকে থানায় মামলা না নেওয়ার বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম বলেন, ‘বিষয়টি সংবাদমাধ্যমের মাধ্যমে জেনেছি। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে এখনো কোনো নির্দেশনা আসেনি।’