মাঠের পারফরম্যান্সের মতোই মাঠের বাইরের নানা বিতর্কিত ঘটনার জন্য ইংলিশ ক্রিকেট দল এখন শিরোনামে। হ্যারি ব্রুক, বেন স্টোকস কিংবা গাস অ্যাটকিনসনের পর এবার নাইটক্লাব-কাণ্ডে জড়িয়েছেন ইংল্যান্ডের পেসার ব্রাইডন কার্স। ডার্বির একটি নাইটক্লাবের বাইরে পুলিশি হস্তক্ষেপে হাতকড়া পরা অবস্থায় তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর নড়েচড়ে বসেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ঘটনাটি গত শনিবার রাতের। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডার্বিশায়ারের বিপক্ষে ডারহামের হয়ে ম্যাচ জেতার পর সতীর্থদের সঙ্গে উদ্যাপন করতে গিয়ে এই বিপত্তি বাঁধিয়ে বসেন কার্স। বৃটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরা অবস্থায় দাঁড়িয়ে আছেন কার্স। তার আশেপাশেই ছিলেন সতীর্থ ম্যাথু পটস ও সাবেক অধিনায়ক বেন স্টোকস।
গণমাধ্যমের খবর অনুযায়ী, কার্সকে পুলিশ কিছু সময়ের জন্য আটকে রাখলেও শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। ঘটনার পর তিনি দলের হোটেলেও নিরাপদে ফিরে যান। তবে বিষয়টি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে ইসিবি। বোর্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গত রাতে ডার্বিতে একটি ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি এবং বর্তমানে বিষয়টি তদন্ত করা হচ্ছে। সম্ভব হলে পরবর্তী সময়ে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে।’
চলমান পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের দলে রাখা হয়েছে কার্সকে। বৃহস্পতিবার লর্ডসে শুরু হতে যাওয়া এই ম্যাচের আগে তার এমন বিতর্ক ইসিবি ও দলের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে, সম্প্রতি টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব নেয়া জো রুট খেলোয়াড়দের ‘সত্যিকারের রোল মডেল’ হওয়ার তাগিদ দেয়ার মাত্র কয়েকদিনের মাথায় এই ঘটনা নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
উল্লেখ্য, গত এক বছরের মধ্যে রাতের নানা বিশৃঙ্খল ঘটনায় ইংল্যান্ডের আটজন ক্রিকেটার জড়িয়েছেন। নিউজিল্যান্ড সফর থেকে শুরু করে অ্যাশেজ ও হোম সিরিজেও নাইটক্লাব এবং মদ্যপানজনিত কাণ্ড পিছু ছাড়েনি ইংলিশ ক্রিকেটারদের। কার্সের এই তদন্তের পর লর্ডস টেস্টের একাদশে তার খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
