মার্কিন নির্ভরতা কমাতে চায় সৌদি, প্যারিসে ম্যাক্রন-এমবিএস বৈঠক

মার্কিন নির্ভরতা কমাতে চায় সৌদি, প্যারিসে ম্যাক্রন-এমবিএস বৈঠক

ফন্ট সাইজ:

ফ্রান্সে সফর করছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। দুই দিনের রাষ্ট্রীয় সফরে তাকে স্বাগত জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। রবিবার সন্ধ্যায় প্যারিসে ইস্পোর্টস বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে অংশ নেওয়ার মধ্য দিয়ে সফরটি শুরু হয়। সৌদি আরবের বাইরে এই প্রথম ভিডিও গেম ও দাবাভিত্তিক আন্তর্জাতিক এই প্রতিযোগিতার আসর অনুষ্ঠিত হলো। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

সোমবার দুই শীর্ষ নেতার মধ্যে মূল আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক ও বিজনেস ফোরাম অনুষ্ঠিত হবে। এ সময় হরমুজ প্রণালির চলমান অচলাবস্থা এড়িয়ে বিকল্প পাইপলাইন স্থাপন, নতুন জ্বালানি রুট তৈরি ও বন্দর নেটওয়ার্ক সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ছয় মাস ধরে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইল বনাম ইরান যুদ্ধ পরিস্থিতি, গাজা উপত্যকা, লেবানন ও সিরিয়ার সংঘাত নিরসনে আলোচনা করবেন দুই নেতা। এ সফরে স্বাস্থ্য, পরিবহন ও জ্বালানি খাতে দুই দেশের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

সম্প্রতি তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তি (মক্কা চুক্তি) সই করে সৌদি আরব। ওই চুক্তির পর ক্রাউন প্রিন্স সালমানের এটিই প্রথম বিদেশ সফর। মূলত ওয়াশিংটনের ওপর একক নিরাপত্তা নির্ভরতা কমিয়ে ইউরোপসহ অন্যান্য বৈশ্বিক শক্তির সাথে অর্থনৈতিক ও প্রতিরক্ষা অংশীদারিত্ব সম্প্রসারণের লক্ষ্যেই প্যারিসের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে চাইছে রিয়াদ। এছাড়াও ২০৩০ সালের ওয়ার্ল্ড এক্সপো এবং ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিয়েও ফরাসি নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন যুবরাজ সালমান।