হরমুজে ফি আরোপের খসড়া বিল অনুমোদন ইরানের

হরমুজে ফি আরোপের খসড়া বিল অনুমোদন ইরানের

ফন্ট সাইজ:

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর ফি বসাচ্ছে ইরান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে সেবামূলক ফি নেয়ার একটি খসড়া আইন অনুমোদন করেছে দেশটির সংসদীয় কমিশন। হরমুজ প্রণালির নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিতের লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশন হরমুজ প্রণালির নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিতকরণ সংক্রান্ত কৌশলগত পরিকল্পনার ৩ নম্বর ধারাটি অনুমোদন করেছে। এ খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

কমিশনের মুখপাত্র হাসান কাশকাভি জানিয়েছেন, নতুন এই ধারা অনুযায়ী হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি পাওয়া দেশগুলোর জাহাজের কাছ থেকে নৌ চলাচল, পরিবেশ সুরক্ষা, বিশেষ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ, নিরাপত্তা ও বীমাসহ বিভিন্ন সেবামূলক কাজের বিনিময়ে ফি নেয়া হবে। এই ফি ইরানি রিয়াল অথবা তেহরানের নির্ধারিত যেকোনো আন্তর্জাতিক মুদ্রায় পরিশোধ করতে হবে। খসড়া আইনে প্রণালিসংলগ্ন উপকূলীয় দেশগুলোর অধিকারের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।

কাশকাভি আরও উল্লেখ করেন, ১৯৮২ সালের সমুদ্র আইন কনভেনশন স্বাক্ষরের পর ওমান যেভাবে তাদের জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার স্বার্থে শর্ত যুক্ত করেছিল, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির ক্ষেত্রেও নিজস্ব বিশেষ আইন ও নিয়ম প্রযোজ্য হবে। আন্তর্জাতিক এই জলসীমায় মার্কিন নিষেধাজ্ঞার উত্তেজনার মধ্যেই তেহরানের পক্ষ থেকে এমন রাজস্ব ও নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেয়া হলো।