গিনির রাজধানী কোনাক্রিতে ভারী বৃষ্টির কারণে একটি বিশাল আবর্জনার স্তূপ ধসে আশপাশের বসতবাড়ির ওপর পড়ে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। পশ্চিম আফ্রিকার দেশটিতে এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২২ জন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে দেশটির সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
স্থানীয় সূত্র ও কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, রোববার রাতভর ভারী বর্ষণের পর রাত প্রায় ২টার দিকে কোনাক্রির দারুস-সালাম এলাকার প্রধান ময়লার ভাগাড়ে এ বিপর্যয় ঘটে। ময়লার বিশাল পাহাড় ধসে পড়ে সংলগ্ন বহু বাড়িঘর মাটির নিচে চাপা পড়ে। স্থানীয় এক নারী গণমাধ্যমকে জানান, এ দুর্ঘটনায় তার পাঁচ সন্তান প্রাণ হারিয়েছে। স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের আশঙ্কা, ময়লার নিচে এখনও অনেকে আটকা পড়ে থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ঘটনাস্থল থেকে ইতোমধ্যে বহু মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আটকে পড়া জীবিতদের দ্রুত উদ্ধারে সেনাবাহিনীসহ ব্যাপক জনবল ও ভারী খননযন্ত্র (এক্সকেভেটর) মোতায়েন করেছে কর্তৃপক্ষ। দেশটির প্রধানমন্ত্রী মামাদু উরি বাহ উদ্ধারকাজ সরাসরি তদারকি ও পরিস্থিতি পর্যবেক্ষণে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় বাসিন্দারা দীর্ঘ দিন ধরে ঘনবসতিপূর্ণ এ অঞ্চলে ময়লার এই বিশাল স্তূপ অপসারণের দাবি জানিয়ে আসছিলেন।
