নারায়ণগঞ্জে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের বন্দরে আম পাড়াকে কেন্দ্র করে আবুল হোসেন (৬০) নামে এক বৃদ্ধকে হত্যার ঘটনায় মোজাম্মেল হক ওরফে বাবু (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ৬ষ্ঠ আদালত নাহিদ নিয়াজী আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ এর সত্যতা নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন কারাদপ্রাপ্ত মোজাম্মেল হক ওরফে বাবু বন্দরের নূরপাদ্দি এলাকার মোস্তফার ছেলে। সেইসঙ্গে নিহত আবুল হোসেন চৌধুরী বাড়ি এলাকার মৃত কফু মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে বন্দরের নূরপাদ্দি এলাকার শ্বশুরবাড়িতে বসবাস করতেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট কেএএম টুটুল চৌধুরী বলেন, আবুল হোসেন পরিবার নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। ২০১৯ সালের ১২ই মে সকালে গাছ থেকে আম পাড়া নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার ঝগড়া হয়। এর একপর্যায়ে আবুল হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের ছেলে কাজল মিয়া বাদী হয়ে বন্দর থানার মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত রায় ঘোষণা করেছেন। সেইসঙ্গে মামলার রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।