সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ রানা বলেছেন, একজন পরিবহন শ্রমিকের মৃত্যু শুধু একজন মানুষের মৃত্যু নয়, এর সঙ্গে একটি পরিবারের স্বপ্ন ও ভবিষ্যৎও থমকে যায়। তিনি রোববার বিকালে সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি নং-চট্ট-২১৫৯) এর উদ্যোগে সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী জেলার আওতাধীন ১৮ পরিবহন শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী আবু সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম আহমদ লস্করের পরিচালনায় অনুষ্ঠিত আর্থিক অনুদান অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট রিজিওনের হাইওয়ে পুলিশ সুপার মো. রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনÑ এসএমপি’র ট্রাফিক বিভাগের টি.আই হাবিবুর রহমান, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ স্বপন ও সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক। নগরীর দক্ষিণ সুরমা প্যারাইরচক ট্রাক টার্মিনালস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত বিভিন্ন শ্রমিক উপ-কমিটির মৃত্যুবরণকারী ১৮ শ্রমিক পরিবারের প্রতিটি শ্রমিক পরিবারকে ইউনিয়নের কল্যাণ তহবিল থেকে নগদ ৪০ হাজার টাকা করে মোট ৭ লাখ ২০ হাজার টাকা নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়। নগদ টাকা পেয়ে মৃত্যুবরণকারী শ্রমিকদের পরিবার আবেগ আপ্লুত হয়ে পড়েন। এই মহৎ উদ্যোগের জন্য ইউনিয়ন নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।
