নেত্রকোণার দুর্গাপুরে উপজেলার মাধ্যমিক শিক্ষকদের উদ্দেশ্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ নয়, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ বছর উপজেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল সন্তোষজনক হয়নি বলেও মন্তব্য করেন তিনি। রোববার দুপুরে উপজেলার বিরিশিরি কালচারাল একাডেমির মিলনায়তনে আয়োজিত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ইবতেদায়ি, পঞ্চম ও অষ্টম শ্রেণির সমমান জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য মোট ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার সাকের আহমেদ এবং উপজেলা বিএনপি’র সভাপতি জহিরুল আলম ভূঁইয়া। অনুষ্ঠানে ডেপুটি স্পিকার শিক্ষকদের শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীলতা এবং ভালো ফলাফল অর্জনে প্রয়োজনীয় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষার মান নিশ্চিত করতে হবে।
