আদমজী পোশাক কারখানায় শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনায় আতঙ্ক

ফন্ট সাইজ:

সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে টানা দ্বিতীয় দিনের মতো শ্রমিকদের অসুস্থ হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল সকালে কাজে যোগ দেয়ার কিছুক্ষণ পর কয়েক দফায় নারী শ্রমিকসহ কয়েকজন অসুস্থ ও অজ্ঞান হয়ে পড়লে পরিস্থিতি বিবেচনায় কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
এর আগে শনিবারও একই কারখানার নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় কর্মরত শতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়ার কথা জানিয়েছিলেন শ্রমিকরা। ওই দিনও একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় নির্ধারিত সময়ের আগেই কারখানা ছুটি দেয়া হয়। দুইদিনের ঘটনায় শ্রমিকদের মধ্যে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়লেও অসুস্থতার প্রকৃত কারণ এখনো নিশ্চিত করতে পারেনি কারখানা কর্তৃপক্ষ বা বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।

কারখানা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, রোববার প্রায় ৯০ শতাংশ শ্রমিক কাজে উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে ১৫ থেকে ২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়ার পর নিরাপত্তার কথা বিবেচনা করে কারখানায় ছুটি ঘোষণা করা হয়। তবে শ্রমিকদের দাবি, অসুস্থ শ্রমিকের সংখ্যা এর চেয়ে বেশি। অসুস্থদের মধ্যে কয়েকজনকে আদমজী ইপিজেডের বেপজা মেডিকেল সেন্টার, স্থানীয় আলিফ হাসপাতাল ও সুগন্ধা হাসপাতালে নেয়া হয়। কয়েকজনকে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার দুপুরের দিকে নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় কাজ করার সময় প্রথমে একজন নারী শ্রমিক অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর পর্যায়ক্রমে আরও শ্রমিক অসুস্থ হয়ে পড়লে কারখানা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শ্রমিকদের দাবি, ওই দিন শতাধিক নারী শ্রমিক অসুস্থ হন। তাদের অনেকে বেপজা মেডিকেল হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।
শনিবারের ঘটনার পরও রোববার সকালে শ্রমিকদের কাজে যোগ দিতে হয়। কিন্তু কাজ শুরুর এক ঘণ্টার মধ্যেই আবার কয়েকজন অসুস্থ হয়ে পড়ায় আগের দিনের আতঙ্ক আরও বেড়ে যায়। একপর্যায়ে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে।
ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডের জেনারেল ম্যানেজার বিল্লাল হোসেন বলেন, সকালে প্রায় ৯০ শতাংশ শ্রমিক কাজে যোগ দিয়েছিলেন। এরপর অনাকাক্সিক্ষতভাবে ১৫ থেকে ২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে পরিস্থিতি বিবেচনায় কারখানা ছুটি দেয়া হয়। শ্রমিকদের অসুস্থ হওয়ার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

এদিকে নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর ওসি (ইন্টেলিজেন্স) মো. আনোয়ারুল হক বলেন, প্রচণ্ড গরমের কারণে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় পরিস্থিতি বিবেচনায় কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। অসুস্থ ২০ জন শ্রমিককে খানপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

আদমজী ইপিজেডের বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন জানান, রোববারও কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তারা কারখানাটি সরজমিন পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় কারখানায় দমবন্ধ হয়ে যাওয়া, শ্বাসরোধ বা এ ধরনের কোনো প্রত্যক্ষ সমস্যার বিষয় তাদের নজরে আসেনি।