নান্দাইলে চালবোঝাই ট্রাক উল্টে চালক নিহত

ফন্ট সাইজ:

নান্দাইলে চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে মো. হুমায়ুন (২৫) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকে থাকা তার ছোট ভাই মামুন গুরুতর আহত হয়েছেন। রোববার ভোরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার আমলিতলা জোরপুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন শেরপুরের ফুলপুর উপজেলার সরচাপুর গ্রামের মো. সুরুজ আলী শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকালে শেরপুরের শ্রীবরদী উপজেলা সদর থেকে ৪০০ বস্তা চালবোঝাই করে ট্রাকটি নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে রোববার ভোর আনুমানিক ৪টার দিকে নান্দাইলের আমলিতলা এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের সেতুর রেলিং ভেঙে দুমড়েমুচড়ে যায়। প্রত্যক্ষদর্শী তাবারক আলী জানান, ভোরে বিকট শব্দ শুনে ঘর থেকে বের হয়ে তিনি দেখতে পান চালবোঝাই ট্রাকটি সেতুর রেলিং ভেঙে আটকে আছে।

ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে ভেতরে চালক রক্তাক্ত অবস্থায় আটকে ছিলেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জীবন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চালকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।