চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে যাওয়া ৩ নম্বর রুটের বাসের চাপায় দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারী পথচারীও আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া ওয়ালটন ও ভিজ্যুয়াল গার্মেন্টসের সামনের এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অরুণ দাশ (৫৯) ও আজিজুল হক জিপসি (২২)। অরুণ বালুছড়ার ভিজ্যুয়াল গার্মেন্টসে এবং আজিজুল রয়েল টেক্সটাইল গার্মেন্টসে কাজ করতেন।
স্থানীয়রা জানান, সকালে অরুণ ও আজিজুল হেঁটে নিজেদের কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় হাটহাজারীমুখী ৩ নম্বর রুটের একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে তাদের চাপা দেয়। এতে দু’জনসহ এক নারী পথচারী আহত হন।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অরুণ দাশকে মৃত ঘোষণা করেন। পরে আজিজুল হক জিপসিকে প্রথমে চমেক হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বায়েজিদ বোস্তামী থানার এসআই শাহাদাত হোসেন জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাস ও চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। বাসটি জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক।
