সিরাজগঞ্জে ট্রাকচাপায় স্কুল শিক্ষকের মৃত্যু

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় মোশাররফ হোসেন (৪৫) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার শ্যামলীপাড়া মোহনপুর রোডের পশ্চিমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন উপজেলার সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কালিয়াকৈর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকালে মোটরসাইকেল নিয়ে স্কুলে যাওয়ার সময় শ্যামলীপাড়া মোহনপুর রোডের পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে একটি বালুবোঝাই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বিষয়টি জানালে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক ও তার মরদেহ উদ্ধার করা হয়। তবে ট্রাকটির চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।