মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সাবেক ইউপি সদস্য নিহত মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সাবেক ইউপি সদস্য নিহত

ফন্ট সাইজ:

চট্টগ্রামের মিরসরাইয়ে সকালে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। রোববার ভোরে উপজেলার বড় দারোগারহাট বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন।
স্থানীয়রা জানান, ফজরের নামাজ আদায় শেষে প্রতিদিনের মতো হাঁটতে বের হন আব্দুল খালেক। ভোরে বড় দারোগারহাট বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় আব্দুল খালেক নামে একজনকে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তবে আগেই তার মৃত্যু হয়েছে। কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল আবছার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।