উপহার নিয়ে দেশে ফেরার কথা ছিল রাসেলের, এখন ফিরবে লাশ

ফন্ট সাইজ:

সৌদি আরবে দীর্ঘ ২০ বছরেরও বেশি সময়ের প্রবাস জীবন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন কুমিল্লার মো. রাসেল মিয়া। স্ত্রী-সন্তানদের জন্য কেনাকাটাও করেছিলেন। কিন্তু পরিবারের জন্য কেনা সেই উপহারসামগ্রী নিয়ে আর দেশে ফেরা হলো না তার। দেশে ফেরার প্রস্তুতির মধ্যেই সৌদি আরবে আকস্মিক মৃত্যুর শিকার হয়েছেন তিনি। শনিবার দুপুরে সৌদি আরবের রাজধানী রিয়াদে কেনাকাটা করা মালামাল গোছানোর সময় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন রাসেল মিয়া। পরে সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বানাশুয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুল হাকিম রোববার দুপুরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রাসেল মিয়া কুমিল্লা সদর উপজেলার বানাশুয়া গ্রামের উত্তরপাড়ার মৃত সুন্দর আলীর ছেলে।

তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা। জানা যায়, রাসেল মিয়া ২০ বছরেরও বেশি সময় ধরে সৌদি আরবের রাজধানী রিয়াদে কর্মরত ছিলেন। প্রায় সাত মাস আগে তিনি দেশে এসেছিলেন। এবার স্ত্রী-সন্তানদের আগ্রহে একবারে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। দেশে ফেরার আগে পরিবারের সদস্যদের পছন্দের বিভিন্ন জিনিসপত্র কিনেছিলেন রাসেল। শনিবার দুপুরে সেই মালামাল গোছানোর সময় হঠাৎ তার বুকে তীব্র ব্যথা শুরু হয়। পরিস্থিতি দেখে সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাসেলের মৃত্যুর খবরে সৌদি আরবে থাকা তার সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একইসঙ্গে কুমিল্লার বানাশুয়া গ্রামের বাড়িতেও চলছে শোকের মাতম।