কলকাতায় আগুনে পুড়ে নিহত আহমেদ বাবুর দাফন

ফন্ট সাইজ:

আমিনবাজারের বাবু কলকাতায় গিয়েছিলেন ব্যবসার মালামাল আনতে। একটু সচ্ছলতার আশায়, ব্যবসার মালামাল কিনে নতুন করে একটু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়েই ভারতে গিয়েছিলেন আহমেদ বাবু। দীর্ঘ দুই বছর পর ভিসা পেয়ে সোমবার রাতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে পৌঁছানোর মাত্র দু’দিনের মাথায় কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ড কেড়ে নিলো বাবুর প্রাণ। দেশে ফিরলেন ঠিকই কিন্তু জীবিত নয় কফিনবন্দি অবস্থায়। শনিবার ভোররাতে আহমেদ বাবুর মরদেহ আমিনবাজারের বেগুনবাড়ী শিকদারপাড়ার বাড়িতে পৌঁছালে মুহূর্তের মধ্যে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। স্বজনদের কান্না, সন্তানদের আহাজারি আর প্রতিবেশীদের শোকে পুরো এলাকায় যেন নেমে এসেছে নিস্তব্ধতা।

শেষবারের মতো প্রিয় মানুষটিকে দেখতে সকাল থেকেই বাড়িতে ভিড় করেন স্বজন ও স্থানীয়রা। সকাল ১০টার দিকে বেগুনবাড়ী বড় মাঠে আহমেদ বাবুর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আমিনবাজারের বড়দেশী কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। পারিবারিক সূত্র জানায়, আমিনবাজার ইউনিয়নের বেগুনবাড়ী শিকদারপাড়া এলাকার মৃত আদম আলীর চার ছেলের মধ্যে সবার ছোট ছিলেন আহমেদ বাবু (৩৭)। এলাকায় শান্ত স্বভাব ও পরিশ্রমী মানুষ হিসেবে তার পরিচিতি ছিল। আমিনবাজারের এম এ হোসেন টাওয়ারের মার্কেটে ‘কিউট কসমেটিক্স’ নামে একটি দোকান পরিচালনা করতেন তিনি। ব্যবসার প্রয়োজনে বিভিন্ন সময় পণ্য সংগ্রহ করলেও এবারই দীর্ঘ বিরতির পর ভারতে যাওয়ার সুযোগ পেয়েছিলেন বাবু।