গাজীপুরের শ্রীপুরে এক কৃষক দল নেতা জজ মিয়াকে লক্ষ্য করে তার ব্যক্তিগত কার্যালয়ে দুই রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। দুই রাউন্ড ছোড়া গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলির শব্দে আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন ওই কৃষক দল নেতা। পরে তাকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার আরএকে সিরামিক কারখানার সামনে ওই নেতার নিজ কার্যালয়ে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। কৃষক দল নেতা জজ মিয়া শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন ফরিদপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে। তিনি গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
হাসপাতালে চিকিৎসাধীন জজ মিয়া বলেন, রাতে তার ব্যক্তিগত কার্যালয়ে বসে লোকজনদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি এসে লেজার লাইটে তাকে টার্গেট করে। এরপর তাকে লক্ষ্য করে পর পর দুই থেকে তিন রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর পরই কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শফিকুল ইসলাম, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলমসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, গুলি ছোড়ার ঘটনাটি পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। কেন, কি কারণে এবং কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
