জামালপুর শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকার একটি ফ্ল্যাট থেকে ইশরাত জাহান (৩৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফ্ল্যাটের অন্য একটি কক্ষে আটকে থাকা তার দুই শিশু সন্তানকে জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক রয়েছে। রোববার সকালে শহরের শেখের ভিটা রেলক্রসিং সংলগ্ন বাবুল মিয়ার ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নারীর নাম ইশরাত জাহান। তার স্বামী কাউসার আহাম্মেদ শাওন। তাদের ৮ বছর বয়সী একটি মেয়ে ও ৫ বছর বয়সী একটি ছেলে রয়েছে। স্থানীয়রা জানান, সকাল থেকে ফ্ল্যাটের জানালা দিয়ে দুই শিশু বারবার পানি চাইতে থাকে। তাদের কান্নাকাটি শুনে আশপাশের বাসিন্দাদের সন্দেহ হয়।
পরে ভবনের মালিকপক্ষকে বিষয়টি জানানো হলে ফ্ল্যাটটির মূল দরজায় বাইরে থেকে তালা লাগানো পাওয়া যায়। একপর্যায়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শিশু দু’টিকে উদ্ধার করা হয়। পরে ফ্ল্যাটের একটি কক্ষে এক নারীর নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। জরুরি সেবা ৯৯৯-এ জানানো হয় পুলিশকে। খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে নিহত নারীর স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয় বাসিন্দা মৌসুমী আক্তার বলেন, জানালা দিয়ে বাচ্চা দু’টি পানি চাচ্ছিল।
স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তালা ভেঙে তাদের বের করে আনে। ভেতরে ঢুকে এক নারীর মরদেহ দেখতে পায় তারা। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
