লালপুরে প্রতারণার শিকার সেই ৮ শিক্ষার্থীর প্রথম পরীক্ষা আজ

ফন্ট সাইজ:

নাটোরের লালপুরে প্রতারণার শিকার আব্দুলপুর সরকারি কলেজের সেই ৮ শিক্ষার্থী অবশেষে এইচএসসি পরীক্ষার প্রথম পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন। আজ (সোমবার) সকাল ১০টায় রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজ কেন্দ্রে বিশেষ ব্যবস্থাপনায় বাংলা প্রথমপত্রের পরীক্ষায় অংশ নেবেন তারা। মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী।
তবে নিজ জেলার বাইরে কেন্দ্র হওয়ায় ভোগান্তিতে পড়েছেন পরীক্ষার্থীরা। ভুক্তভোগী পরীক্ষার্থী ইসরাত জাহান সূচির বাবা ইমামুল হক মানবজমিনকে বলেন, বাড়ি প্রায় ৬০ কিলোমিটার দূরে কেন্দ্র হওয়ায় মেয়েকে নিয়ে রাজশাহীতে এক আত্মীয়ের বাড়িতে থাকতে হচ্ছে। নতুন পরিবেশে মেয়ের কিছুটা সমস্যা হচ্ছে।

আব্দুলপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মামদুদুর রহমান বলেন, গত বুধবার শিক্ষা বোর্ড থেকে প্রতারণার শিকার ৮ শিক্ষার্থীর পরীক্ষা নেয়ার বিষয়ে কলেজকে জানানো হয়। এরপর দ্রুত পরীক্ষার্থীদের বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে। এ বিষয়ে সব সিদ্ধান্ত শিক্ষা বোর্ড নিয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরিন মানবজমিনকে বলেন, আব্দুলপুর সরকারি কলেজের ৮ জনসহ বিভিন্ন জেলা থেকে আসা একাধিক বিষয়ের মোট ৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। বিভিন্ন কারণে কয়েকটি বিষয়ের পরীক্ষায় অংশ নিতে না পারায় বোর্ডের বিশেষ ব্যবস্থাপনায় তাদের পরীক্ষা নেয়া হচ্ছে। সকলের সুবিধার কথা বিবেচনা করে বোর্ডের কাছাকাছি স্থানে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।