চট্টগ্রামে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে মাথা ফাটলো যাত্রীর

ফন্ট সাইজ:

চলন্ত কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে ছোড়া পাথরের আঘাতে শাহিন আহমেদ (৩৯) নামে এক যাত্রী আহত হয়েছেন। শনিবার বিকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ইসলামাবাদ স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। পাথরের আঘাতে তার মাথা ফেটে যায়। পরে তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
আহত শাহিন আহমেদ জানান, তিনি ঢাকার উত্তরা থেকে কক্সবাজার ভ্রমণে গিয়েছিলেন। শনিবার কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে ঢাকার উদ্দেশ্যে ফিরছিলেন। পথে ইসলামাবাদ স্টেশন এলাকায় চলন্ত ট্রেনে বাইরে থেকে ছোড়া একটি পাথর এসে তার মাথায় আঘাত করে। এতে মাথা ফেটে রক্তাক্ত হন তিনি।

পরে গোমদণ্ডী রেলওয়ে স্টেশনে ট্রেন থামিয়ে তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। রেলওয়ের চট্টগ্রাম স্টেশনের ট্রেন পরিচালক ওমর ফারুক রাসেল বলেন, আহত যাত্রী বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষে তিনি তার গন্তব্যে পৌঁছেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের জানানো হয়েছে। বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুদ আলম বলেন, চলন্ত ট্রেনে ছোড়া পাথরের আঘাতে ওই যাত্রী মাথায় আঘাত পেয়েছেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে।