মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় যৌথ টাস্কফোর্সের বিশেষ অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি ও কসমেটিকস জব্দ করা হয়েছে। গত শনিবার বিকাল ৩টার দিকে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাব ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হক। এ সময় জেলা প্রশাসনের পক্ষে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় অবৈধ মালামাল পাচারের তথ্য পেয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি), হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি), র্যাব ও জেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স রেলস্টেশন এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ি ও বিভিন্ন ধরনের কসমেটিকস জব্দ করা হয়। প্রাথমিকভাবে জব্দ করা মালামালের সিজার মূল্য আনুমানিক ৩ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। বিজিবি জানায়, অবৈধভাবে আমদানি ও পাচারের উদ্দেশ্যে পরিবহন করা এসব পণ্য আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পণ্য প্রবেশ রোধে বিজিবি’র কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ৪৬ বিজিবি। দেশের অর্থনীতি ও নিরাপত্তা সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখার পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনসাধারণকে সক্রিয়ভাবে সহযোগিতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে বিজিবি।
