নবীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জেরিন সুলতানা। সভায় উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত মদের পাট্রা স্থানান্তরে কার্যকর পদক্ষেপ গ্রহণ, নবীগঞ্জ শহরের যানজট ও ফুটপাথের উৎপাত নিরসনে নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনের উদ্যোগ গ্রহণ, উপজেলার কুর্শি ইউনিয়নের বাংলাবাজার চোরের উপদ্রব ও শান্তিশৃঙ্খলা রক্ষায় সিসি ক্যামেরা স্থাপন, বাজারে নির্বাচনী প্রক্রিয়ায় কমিটি গঠন, উপজেলা জনপদে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং মাদকবিরোধী অভিযান জোরদার ছাড়াও গ্রাম্য দাঙ্গা নিরসনে পুলিশের সতর্কতার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ ছাড়াও শহরের নতুন বাজার এলাকাসহ অলিগলিতে কিশোর গ্যাংয়ের উৎপাত নিরসনে জনগণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
আয়োজিত সভায় উপস্থিতিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম, নবীগঞ্জ থানার ওসি মো. আবুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস ছামাদ, উদ্যোক্তা ও সমাজকর্মী সিমি কিবরিয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, নবীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি এমএ বাছিত, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফ আলী, কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন, নবীগঞ্জ পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. আব্দুল আলীম ইয়াসিনী প্রমুখ। এ ছাড়াও উপজেলা পরিষদে কর্মরত সরকারি কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
