সীতাকুণ্ডে মামলা তুলে নিতে বাদীকে হুমকি

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডে পূর্বের একটি মামলা তুলে নিতে বাদীকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। সর্বশেষ বসতবাড়ির সামনে গিয়ে গালিগালাজ ও ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার হুমকি দেয়ার অভিযোগে সীতাকুণ্ড মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দুর্যোধন দাশ (সজীব) (৪৯)। গত শনিবার রাতে করা জিডিতে তিনি অভিযোগ করেন, পূর্বের মামলায় গ্রেপ্তার হয়ে আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর রাখাল দাশ (৫২), রতন দাশ (৪৮), শয়ন দাশ (৩২), নির্মল দাশ (৪৭) ও কৃষ্ণ দাশ (৪২) তাকে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন। জিডিতে দুর্যোধন দাশ উল্লেখ করেন, গত ২১শে আগস্ট সকাল ১০টার দিকে অভিযুক্ত পাঁচজন সংঘবদ্ধ হয়ে তার বসতবাড়ির সামনে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

এ সময় মামলা তুলে না নিলে বড় ধরনের ক্ষতি এবং বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। যেকোনো সময় হামলা কিংবা বসতবাড়ির ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। দুর্যোধন দাশ মানবজমিনকে বলেন, পূর্বের মামলায় পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে তারা জামিনে মুক্তি পান। এরপর থেকেই মামলা তুলে নিতে তাকে চাপ ও হুমকি দেয়া হচ্ছে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সীতাকুণ্ড থানার এসআই মো. মাহমুদুল হাসান বলেন, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।