নেত্রকোণায় শাশুড়িকে হত্যার দায়ে জামাই কারাগারে

ফন্ট সাইজ:

নেত্রকোণার দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে জামাইয়ের কুড়ালের আঘাতে সাহেরা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফুলপুর নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহারা খাতুন (৬৫) ওই গ্রামের মোতালেবের স্ত্রী। ঘটনার পর পরই স্থানীয়রা ঘাতক জামাই সাহেদ বিশ্বাস (৪২)কে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ সাহেদ বিশ্বাসসহ তার দ্বিতীয় স্ত্রী তাসলিমা আক্তার (২৭) ও সাহেদের মা শাহেরা খাতুন (৫৫)কে আটক করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই সাহেদ বিশ্বাস শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে থাকতেন। প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি দ্বিতীয় বিয়ে করেন।

এরপর জমি নিয়ে শাশুড়ির সঙ্গে বিরোধ শুরু হয়। এর জেরেই শনিবার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে ঘরে থাকা কুড়াল দিয়ে শাশুড়িকে আঘাত করেন সাহেদ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের আহমেদ জানিয়েছেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে আসামিকে আদালতে পাঠানো হলে আদালত অভিযুক্তকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।