জুলাই গণঅভ্যুত্থান চলাকালে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ ৫ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন নামঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে হুমায়ুন কবিরের স্বাস্থ্য প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন-বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এদিন, প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জামিন না দেয়ার আবেদন করেন। এ মামলায় অপর আসামিরা হলেন-লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম। তাদেরও আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
আসামিপক্ষের আইনজীবী সুব্রত কুমার ট্রাইব্যুনালকে বলেন, ‘আমার মক্কেলের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, এর একটি প্রতিবেদন দেখতে চেয়েছিলেন ট্রাইব্যুনাল। এছাড়া বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের একটি প্রতিবেদন আনতে বলা হয়েছে। কিন্তু এসবে আমাদের ওপর কোনো নির্দেশনা ছিল না। এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘আমরা যে প্রতিবেদন চেয়েছি সেটা আসেনি।’ তখন চিফ প্রসিকিউটর বলেন, ‘আসামির চিকিৎসা চলছে বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ। এটাই তার জন্য যথেষ্ট। এছাড়া তার অন্য তিনটি মামলা রয়েছে। এজন্য আমরা আরও এক মাস সময় চাই।’
পরে স্বাস্থ্য পরীক্ষা করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের প্রধানের কাছ থেকে একটি প্রতিবেদন আনতে বলেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তার বিরুদ্ধে আনা অভিযোগের একটি প্রতিবেদন চাওয়া হয়। আর এসব প্রতিবেদন আগামী ৩০ মার্চ জমা দিতে বলেন আদালত। পরবর্তী শুনানির জন্যও একই দিন নির্ধারণ করা হয়।
এদিকে, একবার জামিন পেলেও মুক্তি মেলেনি হুমায়ুন কবির পাটোয়ারীর। এজন্য ২৪ ফেব্রুয়ারি ফের জামিন আবেদন করেন তার আইনজীবী। এরই ধারাবাহিকতায় শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়।
জামিন আবেদনে লিভার সিরোসিসে আক্রান্ত বলে উল্লেখ করেন হুমায়ুনের আইনজীবী সুব্রত কুমার। এ রোগে তার মক্কেলের (আসামি) দুই ভাইয়ের মৃত্যু হয়েছে বলেও ট্রাইব্যুনালকে জানানো হয়।
হুমায়ুন কবির লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি একই উপজেলার চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। লক্ষ্মীপুরে সংঘটিত হত্যাযজ্ঞের দায়ে অন্য মামলায় প্রথমে ২০২৪ সালের আগস্টে গ্রেপ্তার হন তিনি। এরপর মানবতাবিরোধী অপরাধের এ মামলায় তাকে গ্রেপ্তার দেখান ট্রাইব্যুনাল। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।
মানবতাবিরোধী অপরাধ
আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩ মাস আগে
২ মার্চ (সোমবার), ২০২৬, ১ঃ৫০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
