কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু মঙ্গলবার

কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু মঙ্গলবার

ফন্ট সাইজ:

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) দুই সপ্তাহব্যাপী স্পোর্টস কার্নিভাল-২০২৬ শুরু হচ্ছে আগামীকাল। আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত থাকছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড 'কিউট'। এ উপলক্ষে আজ  বিকেলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা ব্যাংক অডিটরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএসপিএ। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি তালহা বিন নজরুল, সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ, ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন রাসেল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল বেলা ১২টায় হোম অব বিএসপিএতে আনুষ্ঠানিকভাবে এই ক্রীড়া উৎসব শুরু হবে। উদ্বোধন করবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং ওয়ার্ল্ড আরচারি এশিয়া ও বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী।



প্রায় তিনশ সদস্যের এই সুপ্রাচীন সংগঠনের শতাধিক সদস্য এবার অংশ নিচ্ছেন ৮টি ডিসিপ্লিনের ১২টি ইভেন্টে। ডিসিপ্লিনগুলো হলো—আরচারি, ক্যারম (একক ও দ্বৈত), টেবিল টেনিস (একক ও দ্বৈত), দাবা, সাঁতার, অ্যাথলেটিক্স (১০০ মিটার ও শটপুট), কার্ড গেম (কনট্রাক্ট ব্রিজ ও টোয়েন্টি নাইন) এবং শুটিং। সবগুলো ইভেন্ট হবে ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে।​