অস্ট্রেলিয়ায় এইচপি’র টানা দ্বিতীয় জয়

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ

অস্ট্রেলিয়ায় এইচপি’র টানা দ্বিতীয় জয়

ফন্ট সাইজ:

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিলো বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। ডারউইনের মারারা ওভালে হোবার্ট হারিকেনস একাডেমিকে ৩ উইকেটে হারায় তারা। টানা দুই জয়ে নয় দলের মধ্যে পয়েন্ট তালিকার দুইয়ে রয়েছে এইচপি দল। আগামীকাল সকাল ১১টায় নিজেদের তৃতীয় ম্যাচে ভিক্টোরিয়া সিএ একাদশের মুখোমুখি হবে ইফরান শুক্কুর-জিসান আলমরা।


টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এইচপি দল। বল হাতে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন পেসার আবু হায়দার রনি। ইনিংসের প্রথম ওভারে জ্যাক ডোরানকে সাজঘরে ফেরান এ ডানহাতি পেসার। দলীয় ১৩ রানে দ্বিতীয় উইকেট হারায় হোবার্ট হ্যারিকেনস একাডেমি। নিভেথান রাধাকৃষ্ণাণকে বোল্ড করেন স্পিনার মোহাম্মদ রুবেল। তৃতীয় উইকেটে ৩৮ রানের জুটি গড়েন ওপেনার ব্রেডলি হোপ ও তিগুয়ে উইলি। ব্যক্তিগত ২২ রানে আব্দুল গাফফার সাকলাইনের শিকার হন ব্রেডলি হোপ। একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন উইলি। আগের ম্যাচে ৪ উইকেট নেয়া রুবেল অন্যপ্রান্তে হোবার্টের ব্যাটারদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ান। ৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট নেন এ ডানহাতি স্পিনার। তার দারুণ বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১৫৩ রান তোলে হোবার্ট। ৩ ছক্কা ও ৪ চারে দলটির হয়ে ইনিংস সর্বোচ্চ ৭৮ রান করেন উইলি।


জবাব দিতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ এইচপি। মাত্র ১২ রানেই ২ উইকেট হারায়। ওপেনার হাবিবুর রহমান সোহান ও তিনে নামা আরিফুল ইসলামের ব্যাট থেকে আসে ৪ রান। আগের ম্যাচে ঝড়ো ফিফটি করা আরেক ওপেনার জিসান আলম এদিন ইনিংস বড় করতে পারেননি। ব্যক্তিগত ৯ রানে সাজঘরে ফেরেন। চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক ইফরান শুক্কুরকে নিয়ে ১৭ বলে ২৪ রানের জুটি গড়েন সাব্বির রহমান। শুক্কুর ৪ রানে বিদায় নিলেও ফিফটি তুলে নেন সাব্বির। তার ৪৫ বলে ৫৯ রানের ইনিংসে জয়ের সুবাস পায় বাংলাদেশ। ছয় চার ও দুই ছক্কায় সাজানো এ ইনিংস খেলেন ডানহাতি ব্যাটার। সাব্বিরের বিদায়ের পর শেষদিকে আব্দুল গাফফার সাকলাইনের অপরাজিত ১৯ ও আবু হায়দারের অপরাজিত ৮ রানে ভর করে ১৯.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ এইচপি।