গল টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন দেবদূত পাড়িক্কাল। এবার কলম্বো টেস্টেও তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেলেন এ বাঁহাতি ব্যাটার। তার ১১৭ রানের ইনিংসে ভর করে প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩০০ রান তোলে ভারত।
সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী ভারত। যশস্বী জয়সোয়াল ও লোকেশ রাহুলের উদ্বোধনী জুটিতে আসে ৩৭ রান। ব্যক্তিগত ১৮ রানে লাহিরু কুমারার বলে উইকেটকিপার নিরোশান ডিকভেলার হাতে ক্যাচ দিয়ে ফেরেন রাহুল। তিনে নামা পাড়িক্কাল রানের খাতা খেলার আগেই সাজঘরে ফিরতে পারতেন! ১১তম ওভারের শেষ বলে লাহিরু কুমারাকে সজোরে শট করেন পাড়িক্কাল। পয়েন্টে ডাইভ দিয়েও বল তালুবন্দী করতে পারেননি সোনাল দিনুশা। তিন ওভার পর ফের জীবন পান পাড়িক্কাল। ১৪তম ওভারের তৃতীয় বলে কেশারা নুয়ান্তাকে কাট করতে যান। এজ হওয়া বল প্রথম স্লিপে ধনাঞ্জয়া ডি সিলভা তালুবন্দী করতে পারেননি। পাড়িক্কালের রান তখন ১। অন্য প্রান্তে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান জয়সোয়াল। ১৬তম ওভারে দলীয় ৫০ পেরোয় ভারত। ৯ চারে ৪৫ রানের ইনিংস খেলে আসিথা ফার্নান্দোর বলে বোল্ড হন জসওয়াল।
৬৬ রানে দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে ভারত। এরপর দলের হাল ধরেন অধিনায়ক শুবমান গিল ও দেবদূত পাড়িক্কাল। তৃতীয় উইকেট জুটিতে তোলেন ১২০ রান। ৭ চারে ৯০ বলে ফিফটি তুলে নেন পাড়িক্কাল। ফিফটি পান গিলও। ছয় চারে ৯৯ বলে অর্ধশতকে পৌঁছান তিনি। তবে ইনিংস বড় করতে পারেননি। চা-বিরতির ঠিক আগে ফার্নান্দোর বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। ৫৬তম ওভারে দলীয় দুইশো পেরোয় ভারত। তবে চারে নামা রিশভ পন্ত ব্যক্তিগত ৩ রানে কুমারার শট বলে আঘাত পেয়ে মাঠ ছাড়েন।
এরপর মাঠে নামেন রবীন্দ্র জাদেজা। পাড়িক্কালকে নিয়ে ১১৫ বলে ৭৪ রানের জুটি গড়েন। এরমধ্যে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন পাড়িক্কাল। ১২ চারে ১৯৩ বলে ১১৭ রান করা এ বাঁহাতি ব্যাটারকে থামান কেশারা নুয়ানথা। এটি লঙ্কান বোলারের টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট। দিনের শেষ ওভারের প্রথম বলে ফের ধাক্কা খায় ভারত। ৮৩ বলে ৪৩ রান করা জাদেজাকে বোল্ড করে দেন আসিথা ফার্নান্দো। ধ্রুব জুরেল (৭*) ও অভিষিক্ত সারাংশ জৈন (৪*) রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ফার্নান্দো। ১৬ ওভারে ৪৬ রান দিয়ে তিনি ৩ উইকেট নেন। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারায় সফরকারী ভারত।
কলম্বো টেস্ট জিতলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবণা বাড়বে তাদের। বর্তমান চক্রে ভারতের সাফল্য ৫৩.৩৩ শতাংশ। কলম্বো টেস্ট জিতলে সেটা বেড়ে ৫৭.৫৭ শতাংশে দাাঁড়াবে। তখন বাংলাদেশকে সরিয়ে চার নম্বরে চলে যাবে ভারত।
