মধ্যপ্রাচ্যে সংঘাতে আরব আমিরাতে প্রাণ গেল বড়লেখার সালেহর

মধ্যপ্রাচ্যে সংঘাতে আরব আমিরাতে প্রাণ গেল বড়লেখার সালেহর

ফন্ট সাইজ:

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সংযুক্ত আরব আমিরাতে সালেহ উদ্দিন ওরফে আহমদ আলী (৪৮) নামে এক বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। স্বজনদের দাবি,  ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হয়েছেন। নিহত সালেহ বড়লেখা পৌরসভার গাজিটেকা (বাঁশতলা) গ্রামের মৃত সবর আলীর ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, সালেহ দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করছিলেন। সেখানে তিনি পানির গাড়ি চালাতেন। গত শনিবার তিনি নিয়মিত কাজের অংশ হিসেবে পানির গাড়ি চালাচ্ছিলেন। ওই দিন সন্ধ্যার সময় মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আজমান শহরে আঘাত হানে। এতে সালেহসহ আরও কয়েকজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা সালেহকে মৃত ঘোষণা করে। এদিকে সালেহর মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে তার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। দেশে থাকা সালেহর ছোট ভাইয়ের স্ত্রী শেলি বেগম মুঠোফোনে জানান, গত শনিবার থেকেই তারা সালেহর মৃত্যুর খবর শুনছিলেন, তবে নিশ্চিত হতে পারছিলেন না। পরে রোববার দুপুরে সংযুক্ত আরব আমিরাতে থাকা সালেহর ভাইয়েরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। কীভাবে তিনি মারা গেলেন জানতে চাইলে তিনি বলেন- তারা শুনেছেন ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতেই তার মৃত্যু হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে থাকা স্বজনরা হাসপাতালে মরদেহ দেখার জন্য যাচ্ছেন। 

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন