টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে দারুণ শুরু পেলো বাংলাদেশ এইচপি দল। অস্ট্রেলিয়ার ডারউইনে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আজ নেপাল ‘এ’ দলকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারায় ইফরান শুক্কুরের দল। এইচপি’র হয়ে বল হাতে আলো ছড়ান স্পিনার মোহাম্মদ রুবেল। ডানহাতি এ অফব্রেক বোলার ১৮ রানে নেন ৪ উইকেট। পরে ব্যাট হাতে ২৯ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন ওপেনার জিসান আলম। ৯ দলের এই টুর্নামেন্টে আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে হোবার্ট হারিকেন্স একাডেমির মুখোমুখি হবে বাংলাদেশ এইচপি দল।
মারারা ওভালে টস জিতে আগে ব্যাট করতে নামে নেপাল ‘এ’ দল। ব্যাটিংয়ে নেমে শুরুতে বিপদে পড়ে তারা। প্রথম ওভারে ওপেনার ট্রিট রাজ দাস সাজঘরে ফেরেন। ডানহাতি এ ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন রোহানাত দৌলা বর্ষণ। দ্বিতীয় ওভারে অধিনায়ক অনিল শাহকে জিসান আলমের ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান স্পিনার মোহাম্মদ রুবেল। দলীয় ৯ রানে তৃতীয় উইকেট হারায় নেপাল। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। নির্ধারিত ২০ ওভারে ৯৯ রানে থামে নেপালের ইনিংস। সর্বোচ্চ ৪৬ রানের লড়াকু ইনিংস খেলেন ওপেনার কুশাল ভুর্তেল।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই আগ্রাসী ঢংয়ে খেলে বাংলাদেশ। প্রথম ওভারে ২১ রান তোলেন ওপেনার জিসান আলম। তৃতীয় ওভারে দলীয় ৩৪ রানে ভাঙে উদ্বোধনী জুটি। শাহাব আলমের বলে স্টাম্পিংয়ের শিকার হয়ে সাজঘরে ফেরেন হাবিবুর রহমান সোহান। এক চারে ছয় বলে ৭ রান করেন ডানহাতি এ ব্যাটার। চার ছক্কা ও তিন চারে মাত্র ২৯ বলে ঝোড়ো ফিফটি করেন জিসান। তাকে সঙ্গ দেয়া আরিফুল ইসলাম সবুজ ২৭ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। ১০.২ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ এইচপি দল।
