দীর্ঘ নয় বছর পর ইংলিশ প্রিমিয়ার লীগে ফিরেছে হালসিটি। প্রত্যাবর্তনের মঞ্চটা দারুণভাবে রাঙানোর অপেক্ষায় তারা। গত মৌসুমে তৃতীয় হওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে দ্য টাইগার্সরা। দলটির হয়ে গোল করেন সেমি আজাই ও নোবেল মেন্ডি।
ম্যাচের ১৭ মিনিটে কর্নার থেকে বল পান ম্যাকবার্নি। তার শট রুখে দেন ইউনাইটেড গোলরক্ষক লামেন্স। তবে ফিরতি বলে বক্সের মধ্য থেকে সহজেই জালে পাঠান সেমি আজাই। ২০১৭ সালের পর প্রিমিয়ার লীগে প্রথমবার গোলের উদযাপনের মাতে হালসিটি। বিরতির আগে ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নোবেল মেন্ডি। রায়ো ভায়েকানো থেকে আসা এই ডিফেন্ডার স্লেটারের ক্রস থেকে হেডে বল জালে জড়িয়ে করেন নিজের অভিষেক গোল।
ম্যাচে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও গোল পায়নি ইউনাইটেড। ব্রুনো ফের্নান্দেস ও দোরগু বক্সের কাছাকাছি জায়গায় বল নিয়ে গেলেও শেষ মুহূর্তে ব্লক হয়ে যায় তাদের প্রচেষ্টা। এছাড়া এমবেউমোর একটি শট রুখে দেন হাল সিটির গোলরক্ষক জোলাকিস। আর ম্যাচের শেষদিকে তিয়েলেমান্সের একটি ক্রসও তালুবন্দি করেন তিনি। দুই দলের দুই খেলোয়াড় কার্ড দেখেন। ইউনাইটেডের পাত্রিক দোরগু ও হাল সিটির ম্যাট ক্রুকস, উভয়েই হলুদ কার্ড দেখেন। গত মৌসুমে ইংলিশ চ্যাম্পিয়নশিপে প্লে-অফ ফাইনালে মিডলসবরার বিপক্ষে অতিরিক্ত সময়ের গোলে জিতে নয় বছর পর প্রিমিয়ার লীগে ফেরে হাল সিটি।
দলবদলের বাজারে জোলাকিস ও মেন্ডির মতো খেলোয়াড় দলে ভিড়িয়ে শক্তি বাড়িয়েছে তারা। প্রাক-মৌসুমে ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, আয়ারল্যান্ড ও পোল্যান্ড সফর করে অ্যাটলেটিকো মাদ্রিদ, পিএসজি ও এসি মিলানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে ইউনাইটেড। দলবদলে ইতিমধ্যে ইউরি তিয়েলেমান্স ও আন্দ্রে সান্তোসকে দলে ভিড়িয়েছে মাইকেল ক্যারিকের দল।
