ইউক্রেনের একটি ব্যস্ত শপিং সেন্টারে অতর্কিত হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে ১৬ জন নিহত হয়েছে। এ ছাড়া হামলায় আহত হয়েছে আরও ১৩০ জন। শনিবার (২২ আগস্ট) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানান, শুক্রবার ক্রিভি রিহ অঞ্চলের একটি ব্যস্ত মলে রুশ বাহিনীর হামলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে। এ ছাড়া হামলায় ঘটনায় আরও নয়জন নিখোঁজ রয়েছে। এদের মধ্যে দুইজন শিশু।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দুই দফায় হামলা হয়েছে। দ্বিতীয় দফায় রাশিয়া জরুরি কাজে নিয়োজিত কর্মীদের ওপর হামলা চালিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ার রাতভর হামলায় আরও দুইজন নিহত হয়েছে। এদিকে রুশ প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা কিয়েভে ইউক্রেনের যানচলাচলের অবকাঠামো এবং গুদাম লক্ষ্য করে হামলা চালিয়েছে।
দিনিপ্রোপেত্রভস্ক অঞ্চলে শপিং সেন্টারে রুশ বাহিনীর হামলা আহতদের মধ্যে ২৩ জনই শিশু বলে জানিয়েছে ইউক্রেন।
এদিকে শহরটির প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান ওলেক্সান্দার ভিল্কুল বলেন, আহত ২৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে তিনজন শিশু রয়েছে।
প্রায় পাঁচ বছর ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। এতে উভয় পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই । উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ বেড়েছে।
