ইমরান খানের চোখ পরীক্ষা করেছেন শিফার দুই বিশেষজ্ঞ

ইমরান খানের চোখ পরীক্ষা করেছেন শিফার দুই বিশেষজ্ঞ

ফন্ট সাইজ:

পিআইএমএস হাসপাতালে পাকিস্তান তেহরিকে ইনসাফ দলের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখ পরীক্ষা করার সময় শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালের দুই বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নিয়েছেন। শনিবার এ তথ্য জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ইমরানের মেডিকেল রিপোর্টের গোপনীয় তথ্য প্রকাশ করা হবে না বলেও জানানো হয়েছে। পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস), ইসলামাবাদ এক বিবৃতিতে জানিয়েছে- ২০ ও ২১শে আগস্টের মধ্যবর্তী রাতে ইমরান খানকে পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়।

বিবৃতিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রীর চোখ পরীক্ষা করেন শিফার দুই বিশেষজ্ঞ। অন্যদিকে তার অন্যান্য শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন পিআইএমএসের সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। চোখ পরীক্ষার পর পাওয়া চিকিৎসকদের মতামত অন্যান্য মেডিকেল পরীক্ষার ফলাফলের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে। এরপর পিআইএমএসের চিকিৎসকদের নিয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড ইমরানের শারীরিক সক্ষমতা সংক্রান্ত প্রতিবেদন চূড়ান্ত করে। তবে রোগীর গোপনীয়তা এবং সুপ্রিম কোর্টের নির্দেশনার কথা উল্লেখ করে পিআইএমএস জানিয়েছে, মেডিকেল রিপোর্টের গোপনীয় তথ্য প্রকাশ করা হবে না। এর তিন দিন আগে সুপ্রিম কোর্ট ইমরান খানকে মেডিকেল পরীক্ষা ও পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষার জন্য শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেয়ার নির্দেশ দেয়।

তবে সরকার বৃহস্পতিবার রাতে ইমরানকে শিফার পরিবর্তে পিআইএমএসে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তার পরীক্ষা করার পর রাতেই তাকে আবার আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেয়া হয়।