আলাস্কায় বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত

আলাস্কায় বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের আলাস্কার একটি প্রত্যন্ত সামরিক রাডার স্থাপনার কাছে যাত্রীবাহী একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা আট আরোহীর সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে বিমানটি অবতরণের সময় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সামরিক বাহিনীর সাথে চুক্তিবদ্ধ বিমানটি আলাস্কায় অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

মার্কিন সামরিক বাহিনীর আলাস্কান কমান্ড ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, অ্যাঙ্করেজ ভিত্তিক বেসরকারি চার্টার কোম্পানি ‘সিকিউরিটি এভিয়েশন’ পরিচালিত দুই ইঞ্জিনবিশিষ্ট ‘সেসনা ৪৪১’ মডেলের বিমানটি টেড স্টিভেন্স অ্যাঙ্করেজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। বিমানটিতে দুজন পাইলট এবং ছয়জন যাত্রী ছিলেন। অ্যাঙ্করেজ থেকে প্রায় ৪৫০ মাইল পশ্চিমে অবস্থিত প্রত্যন্ত কেপ নিউয়েনহ্যাম লং রেঞ্জ রাডার সাইট বিমানবন্দরে অবতরণের উদ্দেশ্যে অগ্রসর হওয়ার সময় রানওয়ের অদূরেই বিমানটি বিধ্বস্ত হয়। মার্কিন বিমান বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ও আলাস্কান কমান্ডের কমান্ডার রবার্ট ডেভিস এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন, নিহতরা প্রত্যন্ত ও প্রতিকূল পরিবেশে দায়িত্বে ছিলেন। তাদের পরিবারের পাশে দাঁড়ানোই এখন কর্তৃপক্ষের প্রধান অগ্রাধিকার।

কর্মকর্তারা জানান, কেপ নিউয়েনহ্যামের এই রাডার স্টেশনটি প্যাসিফিক এয়ার ফোর্সেস আঞ্চলিক সহায়তা কেন্দ্র দ্বারা পরিচালিত এবং এটি আলাস্কার আকাশসীমা ও দূরবর্তী সীমান্ত এলাকায় বিমান চলাচলের ওপর নজরদারির দায়িত্বে নিয়োজিত সামরিক নেটওয়ার্কের একটি অংশ। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ও এফএএ যৌথভাবে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।