অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক ডারউইন টেস্ট জয়ের আনন্দ পেছনে ফেলে ম্যাকাইয়ের কন্ডিশনে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা টাইগাররা আগামীকাল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামছে। তবে ঐতিহাসিক সিরিজ জয়ের হাতছানি থাকলেও এখনই বড় কোনো ভবিষ্যৎ পরিকল্পনায় না গিয়ে সেশন ধরে ধরে এগোতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ম্যাকাই টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে শান্ত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ডারউইনের জয় এখন অতীত। পেশাদার ক্রিকেটার হিসেবে সেই সাফল্য দ্রুত ভুলে বর্তমান কন্ডিশনে নতুনভাবে শুরু করাই তাদের মূল লক্ষ্য।
টাইগার অধিনায়ক বলেন, ‘জয় অবশ্যই আপনাকে আত্মবিশ্বাস দেবে। তবে পেশাদার খেলোয়াড়দের খুব তাড়াতাড়ি সেখান থেকে ফেরত আসাটা গুরুত্বপূর্ণ।’ ডারউইনের মতোই সেশন ধরে ধরে সামনে এগোতে চান শান্ত। তার মতে, ফলও আসবে সেভাবেই।
তিনি আরও বলেন, ‘যদি প্রসেসটা ঠিক থাকে আমরা যদি সেশন বাই সেশন ভালো খেলতে পারি, ফল সেভাবেই আসবে। আগেই ফল নিয়ে চিন্তা করলে আমার মনে হয় অনেক চ্যালেঞ্জ এবং অনেক কঠিন হবে আমাদের জন্য। আমি বিশ্বাস করি ভালো ক্রিকেট খেলাটা জরুরি আমাদের জন্য। সেশন বাই সেশন ভালো ক্রিকেট খেলতে হবে।’
