যশোরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

ফন্ট সাইজ:

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করা হবে। চতুর্থ শ্রেণি থেকে প্রত্যেক শিক্ষার্থীর খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। বাংলা ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শিক্ষার ব্যবস্থা করা হবে শিক্ষার্থীদের জন্য। যাতে করে শিক্ষার্থীরা স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষাবৃত্তিসহ অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে লেখাপড়া করতে পারে। এছাড়া যারা কোন কারনে শিক্ষা গ্রহণ করতে পারবে না; তাদের কারিগরি শিক্ষার মাধ্যমে উপযুক্ত করে গড়ে তোলা হবে। যাতে তারা দেশে-বিদেশে উপযুক্ত শিক্ষা গ্রহণ করে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। তিনি বলেছেন এ সরকার মেয়েদের স্নাতক পর্যন্ত সকল শিক্ষা ব্যবস্থা ফ্রি করবে সরকার।
শনিবার বিকেলে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের ছেলেমেয়েদের শিক্ষাবৃত্তি ও অস্বচ্ছল সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সরকারের গঠনমূলক সমালোচনা, উপযুক্ত তথ্যের ভিত্তিতে উপস্থাপন করুন। এতে সরকার উপকৃত হবে। কিন্তু ব্যক্তির সাথে সম্পর্কের অবনতিকে রাষ্ট্রীয় পর্যায়ে নিবেন না, সরকারকে কাঠগড়ায় দাঁড় করাবেন না। বিভাজন সাংবাদিক সমাজের কল্যাণে কাজের পথে অন্তরায় সৃষ্টি করে। সময় এসেছে নিজেদের মধ্যকার সকল বিভাজন দূর করে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর চেয়ারম্যান এম আব্দুল্লাহ। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি রাষ্ট্রক্ষমতায় না আসতেন তাহলে দেশের সংবাদ মাধ্যমের এই বিকাশ সাধিত হতো না। তার সহধর্মিনী বেগম খালেদা জিয়াও ক্ষমতায় এসে বারবার সাংবাদিকদের কল্যাণে কাজ করেছেন। সভায় সভাপতিত্ব করেন, যশোরের জেলা প্রশাসক ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের যশোর জেলা শাখার সভাপতি আশেক হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক লোকসমাজের প্রকাশক সান্তনু ইসলাম সুমিত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, প্রেসক্লাব যশোরের সাবেক সম্পাদক ও সুবর্ণভূমির সম্পাদক আহসান কবীর প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ। অনুষ্ঠানে যশোর, মাগুরা কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার অসচ্ছল সাংবাদিকদের আর্থিক সহায়তা ও তাদের ছেলেমেয়েদের শিক্ষাবৃত্তি বাবদ ২৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন