অনিবন্ধিত ব্যক্তিদের দিয়ে অভিবাসন সহায়তা দেওয়ার অভিযোগে অস্ট্রেলিয়ায় তিন নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে দেশটির অভিবাসন এজেন্ট নিবন্ধন কর্তৃপক্ষ। নিবন্ধিত এজেন্টের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে অনিবন্ধিত ব্যক্তিদের দিয়ে কাজ করানোর এই প্রবণতাকে ‘ফ্রন্ট এজেন্ট’ কার্যক্রম হিসেবে দেখা হচ্ছে।
অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার বলছে, অভিবাসন পরামর্শ খাত থেকে অনিবন্ধিত ও অসাধু ব্যক্তিদের সরিয়ে দিতে চলমান অভিযানের অংশ হিসেবে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের ভাষ্য, একজন মাইগ্রেশন এজেন্টকে অর্থ দেওয়ার পর গ্রাহকের স্বাভাবিক প্রত্যাশা হলো—তার অভিবাসনসংক্রান্ত কাজ একজন যোগ্য ও নিবন্ধিত পেশাজীবীই করবেন।
সরকারি তথ্য অনুযায়ী, অভিবাসন এজেন্ট নিবন্ধন কর্তৃপক্ষের বিশেষ পর্যবেক্ষণ দলটি গত অক্টোবরে গঠন করা হয়। ২০২৫–২৬ অর্থবছরে দলটি ৮৫ জন নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টের কার্যক্রম সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করে। এ সময়ে নিয়ম লঙ্ঘনের ৪৩টি ঘটনা শনাক্ত হয়। শিক্ষা, সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ এবং নিয়ন্ত্রক পদক্ষেপের মাধ্যমে এসব ঘটনা মোকাবিলা করা হয়েছে। একই সময়ে গুরুতর অসদাচরণের অভিযোগ তদন্তের পাশাপাশি ২৮ জন নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
তিনটি পৃথক ঘটনায় নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টরা তাদের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে অনিবন্ধিত ব্যক্তিদের অভিবাসন সহায়তা দেওয়ার সুযোগ করে দেন।
প্রথম ঘটনায় কর্তৃপক্ষ দেখতে পায়, তিনটি ব্যবসায়িক ইমি অ্যাকাউন্টের মাধ্যমে জমা দেওয়া শত শত ভিসা আবেদনে অনিবন্ধিত ব্যক্তিরা অভিবাসন সহায়তা দিয়েছেন অথবা নিবন্ধিত নন-এমন কর্মীরা আবেদন প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। পরে সংশ্লিষ্ট একজন এজেন্টের নিবন্ধন বাতিল করা হয়।
দ্বিতীয় ঘটনায় একজন নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। অভিবাসন এজেন্ট নিবন্ধন কর্তৃপক্ষের তদন্তে তিনি স্বীকার করেন, তাঁর ছেলে-যিনি নিবন্ধিত মাইগ্রেশন এজেন্ট নন, ব্যবসার হয়ে অভিবাসন সহায়তা দিয়েছেন। তদন্তে আরও অভিযোগ ওঠে, গ্রাহকদের কাছে জাল বিভাগীয় চিঠিপত্র পাঠানো হয়েছিল। এসব চিঠির মাধ্যমে তাঁদের এমন ধারণা দেওয়া হয় যে তাঁদের ভিসার আবেদন জমা হয়েছে। বাস্তবে আবেদন জমা পড়েনি।
তৃতীয় ঘটনায় আরেক নিবন্ধিত এজেন্টকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। অভিযোগ রয়েছে, তিনি জেনেশুনে ব্যবসার অন্য এক পরিচালককে তাঁর রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ভিসার আবেদন জমা দেওয়ার অনুমতি দিয়েছিলেন। ওই পরিচালক তখনো নিবন্ধিত মাইগ্রেশন এজেন্ট হওয়ার প্রক্রিয়ায় ছিলেন।
অস্ট্রেলিয়ার আইনে নিবন্ধিত মাইগ্রেশন এজেন্ট, অস্ট্রেলীয় আইনজীবী এবং নির্দিষ্ট কিছু অব্যাহতি পাওয়া ব্যক্তি ছাড়া অন্য কেউ আইনত অভিবাসন সহায়তা দিতে পারেন না। নিবন্ধিত এজেন্টের রেজিস্ট্রেশন নম্বর অন্য কাউকে ব্যবহার করতে দেওয়া কিংবা অনিবন্ধিত ব্যক্তির মাধ্যমে গ্রাহকের অভিবাসনসংক্রান্ত কাজ করানো গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। তবে শাস্তির মুখে পড়া তিন মাইগ্রেশন এজেন্টের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, শুল্ক ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিল বলেন, কোনো নিবন্ধিত পেশাজীবীর রেজিস্ট্রেশন নম্বর অন্য কেউ ব্যবহার করে কাজ করবে—এটি কোনো পেশাতেই গ্রহণযোগ্য নয়। মাইগ্রেশন এজেন্টদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। অভিবাসন এজেন্ট নিবন্ধন কর্তৃপক্ষ জানিয়েছে, অসৎ ব্যক্তিদের শনাক্ত করে অভিবাসন পরামর্শ পেশা থেকে সরিয়ে দেওয়ার কাজ অব্যাহত থাকবে। তাদের ভাষ্য, অধিকাংশ নিবন্ধিত মাইগ্রেশন এজেন্ট সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করলেও একটি ছোট গোষ্ঠী ব্যক্তিগত লাভের জন্য ইচ্ছাকৃতভাবে অস্ট্রেলিয়ার অভিবাসন ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করছে।
