ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস কি সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়া এই জল্পনা অবশেষে খোদ কার্লোসের মুখেই পরিষ্কার হয়েছে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসলাম গ্রহণের খবরটি পুরোপুরি ভিত্তিহীন ও অসত্য।
সম্প্রতি মরক্কোর ফুটবল এজেন্ট সোহাইলা তাহিরিকে বিয়ের পর থেকেই গুঞ্জনের ডালপালা ছড়ায়। ব্রাজিলিয়ান ইসলামিক সংগঠনের এক নেতার সঙ্গে কার্লোসের সাক্ষাতের ছবি এবং তুরস্কের এক সংসদ সদস্যের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট এই গুঞ্জন আরও বাড়িয়ে দেয়। তবে সৌদি আরবের দৈনিক ‘ওকাজ’-কে দেয়া সাক্ষাৎকারে ৫৩ বছর বয়সী কার্লোস সব ধোঁয়াশা দূর করে বলেন, ‘ইসলাম ধর্মের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। আমার স্ত্রীকে নামাজ পড়তে দেখাটা সত্যিই চমৎকার এক অভিজ্ঞতা। তবে আমার ইসলাম ধর্ম গ্রহণের যে গুঞ্জন চারপাশে ঘুরছে, তা সত্য নয়।’
একাধিক রীতিতে বিয়ের আয়োজন প্রসঙ্গে কার্লোস ব্যাখ্যা করেন, ‘আমার পরিবারের সদস্যরা ক্যাথলিক। তাদের বিশ্বাসকে সম্মান জানিয়ে যেমন আয়োজন ছিল, তেমনই আমার মরোক্কান স্ত্রী ও তার মুসলিম বন্ধুদের ব্যাকগ্রাউন্ডের কথা মাথায় রেখে সেই ধর্মীয় রীতিও রাখা হয়েছিল।’
মূলত স্ত্রীর ধর্মীয় অনুভূতি ও অতিথিদের সম্মান জানাতে গিয়ে একাধিক পন্থায় বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার কারণেই এই বিভ্রান্তি তৈরি হয়। এটি কার্লোসের তৃতীয় বিয়ে। পেশাগত সম্পর্কের সূত্র ধরে শুরু হওয়া এই সম্পর্কের মাধ্যমে ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সর্বকালের অন্যতম সেরা এই লেফটব্যাক।
