শতভাগ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান ও খুলনাকে গ্রিন সিটি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার মঞ্জুর

ফন্ট সাইজ:

নগরবাসীকে সঙ্গে নিয়ে শতভাগ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান ও খুলনাকে গ্রিন সিটি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন খুলনা সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। গতকাল দুপুরে খুলনা নগর ভবনের দায়িত্ব গ্রহণ করার পর তিনি বক্তৃতায় এ কথা বলেন। কেসিসি’র সভাকক্ষে এ দায়িত্ব হস্তান্তর করেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। এ সময় ফুল দিয়ে বরণ করা হয় নবাগত প্রশাসককে। যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসি’র প্রধান নির্বাহী (উপ-সচিব) রাজীব আহমেদ।
দায়িত্ব গ্রহণ শেষে নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনার মানুষের প্রত্যাশা পূরণ হবে। সিটি করপোরেশনের সকল মানুষের সম্মান প্রদান, সার্বক্ষণিক সেবা দেয়া আমাদের দায়িত্ব। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী একটি পরিচ্ছন্ন, সবুজ, চাঁদাহীন সিটি গড়তে আমরা কাজ করবো। সিটি করপোরেশন হবে শতভাগ দুর্নীতিহীন একটি প্রতিষ্ঠান। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে চান নবাগত প্রশাসক। এ দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা চান তিনি। অনুষ্ঠানে কেসিসি’র কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকতা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে নবনিযুক্ত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, আমি অবৈধ অর্থ আয় করবো না, আপনারাও কোনো অবৈধ লেনদেনের সঙ্গে জড়াবেন না। কোনো ঠিকাদারদের কাছ থেকে কোনো ঘুষ নেয়া হবে না। সঠিক কাজ করেই ঠিকাদররা অনায়াসেই বিল তুলতে পারবেন। কোনো প্রকার কমিশন বাণিজ্য করবেন না।
মঞ্জু নাগরিকদের সঙ্গে নিয়েই কর্ম পরিচালনা গঠন ও বাস্তবায়নের উপর গুরুত্ব দেন। তিনি আধুনিক খুলনা গড়তে টেকসই উন্নয়নের কথাও বলেন। বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, খুলনাকে নতুন করে সাজানোর ইচ্ছা তার আছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, খুলনাকে সবুজ সিটিতে পরিণত করতে হবে। সে কারণে প্রতিটি জায়গায় গাছ লাগানোর জন্য তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান। এদিকে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ২টা ১৫ মিনিটে হওয়ার কথা থাকলেও দেরিতে হয়। অনুষ্ঠানে শত শত মানুষ যোগ দেয়ায় কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়। দায়িত্ব হস্তান্তর শেষে বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য, গত ২২শে ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নজরুল ইসলাম মঞ্জুকে কেসিসি’র প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন