১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি

ফন্ট সাইজ:

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন। স্বামীর মৃত্যুর কারণে কারাগারে থাকা দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য মুন্সীগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী প্যারোলে মুক্তির অনুমতি দিয়েছেন। আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য মুক্ত থাকবেন দীপু মনি।

বুধবার কারা কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছেন। প্যারোলে মুক্তির সম্পর্কে দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল হোসেন বলেন, কারা আইন ও সংশ্লিষ্ট কারাবিধিতে দিনের আলোতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির বিধান রয়েছে। এক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেটের এখতিয়ার রয়েছে। সেই বিধান অনুযায়ী, তার ১২ ঘণ্টার প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর হয়েছে। এর আগে তার আইনজীবী চারদিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করেন। আইনজীবী ফয়সাল হোসেন বলেন, ‘আমরা চারদিনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছিলাম। জেলা প্রশাসক আমাদের ১২ ঘণ্টার প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেছেন। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই মুক্তি কার্যকর থাকবে।’

তিনি বলেন, ডা. দীপু মনির কারাবরণের দুই বছর পূর্ণ হয়েছে। এর আগে তার স্বামী দীর্ঘদিন অসুস্থ ছিলেন। স্বামীর সঙ্গে কারাগারের বাইরে সাক্ষাতের অনুমতি চেয়ে একাধিকবার আবেদন করা হলেও তা পাওয়া যায়নি। স্বামীর মৃত্যুর পর এবার প্যারোলে মুক্তির সুযোগ পেলেন তিনি। পারিবারিক সূত্রে জানা যায়, ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ বৃহস্পতিবার সকালে ঢাকার কলাবাগানে তার নিজ বাসভবনে নেয়া হবে। সেখানে ডা. দীপু মনি স্বামীর মরদেহ দেখবেন। এরপর মরদেহ নেয়া হবে গুলশান আজাদ মসজিদে। বাদ জোহর গুলশান আজাদ মসজিদে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা ও দোয়া শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।