কারামুক্ত সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

কারামুক্ত সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

ফন্ট সাইজ:

সব মামলায় জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। বুধবার বিকাল সোয়া ৪টার দিকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। কারা সদর দপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি প্রিজনস) মো. জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের আদেশের কপি পাওয়ার পর বিধি অনুযায়ী এ বি এম খায়রুল হককে মুক্তি দেয়া হয়। এদিকে খায়রুল হকের আইনজীবী এডভোকেট মোতাহার হোসেন সাজু বলেন, বিকালে তাকে কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। তিনি এখন নিজ বাসায় আছেন।
গত বছরের ২৪শে জুলাই রাজধানীর ধানমণ্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিভিন্ন সময়ে তাকে মোট ৯টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গত ১০ই আগস্ট বনানী থানায় দায়ের করা একটি মামলায় তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। এর আগে পৃথক আটটি মামলায়ও তিনি জামিন পান। পরে বনানী থানার ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। সবশেষ গত ১৭ই আগস্ট হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় করা মামলায় এ বি এম খায়রুল হকের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। ফলে তার কারামুক্তির ক্ষেত্রে আর কোনো আইনি বাধা ছিল না।

তবে জামিনে মুক্তি পেলেও আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। আপিল বিভাগের আদেশে এ নির্দেশনা দেয়া হয়েছে। এ ছাড়া সুনির্দিষ্ট মামলা ছাড়া তাকে গ্রেপ্তার বা হয়রানি না করার বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশও বহাল রেখেছেন আপিল বিভাগ।