বাবা হারানোর ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির কোচ গিয়ের্মো ওশো জানালেন, ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছেন তার দলের অধিনায়ক এবং বল পায়ে নিজেকে আপন রূপে মেলে ধরতে শুরু করেছেন।
গত ৮ই আগস্ট আর্জেন্টিনার রোজারিওতে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। এর চার দিন পরই মাঠে নেমে পড়েন মেসি। লীগস কাপে মেক্সিকোর ক্লাব লেওনের বিপক্ষে বদলি হিসেবে মাঠে ফেরেন তিনি। গত রোববার ন্যাশভিলের বিপক্ষে মেজর লীগ সকারের ম্যাচে ফেরেন শুরুর একাদশেও ।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মায়ামির আর্জেন্টাইন কোচ মঙ্গলবার জানান, মেসি এখন স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরছেন। কোচ ওশো বলেন, ‘তাকে ভালো দেখাচ্ছে, মাঠে সে নিজেকে মেলে ধরছে, যে জায়গায় সে নিখুঁত হতে জানে এবং সে শান্ত আছে।’
বাবার মৃত্যুর পর সামাজিক মাধ্যমে আবেগঘন শ্রদ্ধাঞ্জলি জানান মেসি। সেখানে তিনি তার পিতাকে বর্ণনা করেন বাবা, বন্ধু এবং প্রতিনিধি হিসেবে, বলেন যে তাকে ছাড়া কীভাবে এগিয়ে যাবেন, তা তিনি জানেন না। বাবাকে হারানোর চার দিন পর মেসিকে মাঠে ফিরতে দেখে বিস্মিত ও মুগ্ধ ছিলেন তার ক্লাব সতীর্থ ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার বলেন, ‘তিনি (মেসি) একটি দারুণ দৃষ্টান্ত স্থাপন করেছেন। নিঃসন্দেহে তিনি খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু শুধু খেলোয়াড়দের প্রতিই নয়, ক্লাবের প্রতিও তিনি যে দায়বদ্ধতা দেখিয়েছেন, তা অবিশ্বাস্য। আমি আমার জীবনে এমনটা আর দেখিনি।’
