র‌্যাঙ্কিংয়ে বড় লাফ টাইগারদের

র‌্যাঙ্কিংয়ে বড় লাফ টাইগারদের

ফন্ট সাইজ:

অস্ট্রেলিয়ার মাটিতে রূপকথার মতো এক টেস্ট জয় উপহার দিয়ে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে বড় সুফল পেলো বাংলাদেশি ক্রিকেটাররা। ডারউইনের সেই ঐতিহাসিক জয়ের সুবাদে ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই ক্যারিয়ারসেরা অবস্থানে পৌঁছেছেন টাইগাররা। অপরদিকে, বাংলাদেশের বিপক্ষে ব্যর্থতার খেসারত দিয়ে ব্যাটিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন ট্রাভিস হেড।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৮৪ রানের দারুণ এক ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। ৯ ধাপ এগিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের সেরা বিশে (২০তম স্থান) জায়গা করে নিয়েছেন টাইগার অধিনায়ক। ৬৫৯ রেটিং পয়েন্ট নিয়ে এটি শান্তর ক্যারিয়ারের সেরা অর্জন। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবার ওপরে আছেন মুশফিকুর রহীম। ১৮ নম্বরে নিজের অবস্থান ধরে রেখেছেন ডারউইনে ১০৪তম ম্যাচ খেলা এ অভিজ্ঞ ব্যাটার।

প্রথম ইনিংসে ক্রিজে নামার সুযোগ পেয়ে ৩৬ রান করেন মুশফিক। সবচেয়ে চমকপ্রদ উন্নতি দেখিয়েছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। মাত্র দুই টেস্টের ক্যারিয়ারে ডারউইনে প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে এক লাফে ৮৪ ধাপ এগিয়ে ৮৮ নম্বরে উঠে এসেছেন তিনি। এছাড়া প্রথম ইনিংসে ৪৯ ও পরের ইনিংসে অপরাজিত ৩০ রান করা মুমিনুল হক পাঁচ ধাপ এগিয়ে ৩১ নম্বরে উঠে এসেছেন। প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ ৬৫ রান করা মেহেদী হাসান মিরাজ পাঁচ ধাপ এগিয়ে র‌্যাঙ্কিংয়ের ৫৯তম স্থানে আছেন। ২০ ও অপরাজিত ২৫ রান করা টাইগার ওপেনার সাদমান ইসলাম তিন ধাপ উন্নতি করে উঠে এসেছেন ৫৮ নম্বরে। তবে ব্যর্থতার কারণে পাঁচ ধাপ পিছিয়ে ২৮ নম্বরে নেমে গেছেন লিটন কুমার দাস। প্রথম ইনিংসে ১২ বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি।

অজি শিবিরে উল্টো চিত্র। বাংলাদেশের বিপক্ষে দুই ইনিংসে ২২ ও ১৭ রান করে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের মুকুট হারিয়েছেন ট্রাভিস হেড। চার নম্বরে নেমে গেছেন এ অজি ওপেনার। হেডকে সরিয়ে শ্রীর্ষস্থান দখল করেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। দুইয়ে উঠে এসেছেন জো রুট এবং তিনে আছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। প্রত্যেকেই এগিয়েছেন এক ধাপ করে।
বোলিং আক্রমণেও টাইগাররা দারুণ ঝলক দেখিয়েছেন। ডারউইনে দুই ইনিংসে ৯ উইকেট (৬+৩) শিকার করে ম্যাচসেরা হওয়া পেসার হাসান মাহমুদ এগিয়েছেন ২৬ ধাপ, উঠে এসেছেন ক্যারিয়ার সর্বোচ্চ ৩৮ নম্বরে। তার ঝুলিতে রয়েছে ক্যারিয়ারসেরা ৫০৩ রেটিং পয়েন্ট। এছাড়া দ্বিতীয় ইনিংসে ফাইফার নেয়া মেহেদী হাসান মিরাজ তিন ধাপ এগিয়ে ২৪ নম্বরে আছেন। দুই ইনিংসে ৪ উইকেট নেয়া তাসকিন আহমেদ এক ধাপ এগিয়ে ৪৯ নম্বরে অবস্থান করছেন। এই সিরিজে না থাকা নাহিদ রানা এক ধাপ পিছিয়ে ৬০তম।
বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা ১১ নম্বর স্থানটি অক্ষুন্ন রেখেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ভারতের রবীন্দ্র জাদেজা ও দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেনের পরেই তিন নম্বর স্থানটি ধরে রেখেছেন মিরাজ।

ডারউইনে ম্যাচের শুরু থেকে আধিপত্য ধরে রেখে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। স্বাগতিকদের প্রথম ইনিংসের ১৯৮ রানের জবাবে টাইগাররা থামে ৪২৬ রানে। দ্বিতীয় ইনিংসে মিরাজের দুর্দান্ত ফাইফারে ২৮৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। স্রেফ ৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সহজেই জয় নিশ্চিত করে সফরকারী বাংলাদেশ। আগামী শনিবার ম্যাকাইয়ে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।