ইংল্যান্ডের ফুটবলে নিজের জাত চেনালেন ফারহান আলী ওয়াহিদ। প্রিমিয়ার লীগের ক্লাব ফুলহ্যাম থেকে ধারে বোরহ্যাম উডে যোগ দেয়ার পর প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন ১৯ বছর বয়সী বাংলাদেশি ফুটবলার। মঙ্গলবার ন্যাশনাল লীগে ‘সি’ গ্রুপের ম্যাচে লিডস ইউনাইটেডের অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে ৫-২ গোলের বড় জয়ে ফারহান ছিলেন দলের অন্যতম কারিগর।
মিডো পার্কে ঘরের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে ফারহান একদিকে যেমন গোলের দেখা পান, তেমনি সতীর্থের গোলে অবদানও রাখেন। ক্লাবের আনুষ্ঠানিক প্রতিবেদনে লেখা হয়, ‘একাদশে প্রথম সুযোগ পেয়েই আলো কেড়ে নিলেন ফারহান আলী ওয়াহিদ।’ ম্যাচের ৪১ মিনিটে বক্সের ভেতর থেকে নিখুঁত ফিনিশিংয়ে বোরহ্যাম উডের হয়ে গোলের খাতা খোলেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে সতীর্থ তারান আল্লারাখিয়ার গোলেও ছিল ফারহানের দারুণ ভূমিকা। এছাড়া ম্যাচের ৮২ মিনিটে মাঝমাঠ থেকে তার একক দৌড় ও ডিভেন্ডারকে বোকা বানিয়ে শট নেয়ার মুহূর্তটি ছিল পুরো ম্যাচের অন্যতম আকর্ষণীয় দৃশ্য, যা দর্শকদের মুগ্ধ করে। বোরহ্যাম উড ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে ফারহানের এই অভিষেককে ‘আলো কাড়া’ পারফরম্যান্স হিসেবে আখ্যায়িত করে আরও বলা হয়, ‘প্রথম ম্যাচেই ফারহান নিজের সাবলীল ফুটবল, বুদ্ধিদীপ্ত পাস এবং বল পুনরুদ্ধারের দ্রুততায় মুগ্ধ করেছেন।’
উল্লেখ্য, ১২ বছর বয়সে ফুলহ্যাম একাডেমিতে যোগ দেয়া ফারহান গত মৌসুমে প্রিমিয়ার লীগ-২ (পিএলটু) এর অনূর্ধ্ব-২১ দলের হয়ে দারুণ ছন্দে থাকেন। ২১ ম্যাচে ৬ গোল এবং ৯ অ্যাসিস্টের পাশাপাশি নভেম্বরে হন মাসসেরা খেলোয়াড়। এছাড়া লীগের বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা করে নেন এই তরুণ তুর্কি। ফুলহ্যামের মূল দলের হয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচেও অংশ নেন তিনি। ২০০৬ সালের ৯ই ডিসেম্বর ইংল্যান্ডের মাটিতে জন্ম ফারহানের। তার বাবা-মা দুজনই বাংলাদেশি বংশোদ্ভূত, সিলেটি শেকড়ের। যদিও তারা নিজেরাও জন্ম নেন ইংল্যান্ডেই। লন্ডনের রাস্তায় বেড়ে ওঠা ফারহান ফুটবলের প্রথম পাঠ নেন চেলসির একাডেমিতে।
তবে ২০১৯ সালে তিনি পাড়ি জমান পশ্চিম লন্ডনের আরেক ক্লাব ফুলহ্যামে। ২০২৩-এ ক্লাবটির সঙ্গে স্কলারশিপ চুক্তির পরের বছর অনূর্ধ্ব-২১ দলে অভিষেক হয় ফারহানের। ২০২৫ সালে ফুলহ্যামের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি করেন তিনি। ভবিষ্যতের কথা মাথায় রেখে ফারহানকে বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে খেলানোর প্রক্রিয়াও চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফুলহ্যাম থেকে ধারে এই মৌসুমে বোরহ্যাম উডের হয়েই খেলবেন এই উদীয়মান উইঙ্গার।
