বলিউড বাদশা শাহরুখ খানের মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি ‘মান্নাত’-এ হঠাৎ দেখা মিলেছে দুই সাপের। সোমবার সন্ধ্যায় বাড়ির চত্বরে হঠাৎ সাপ দুটিকে দেখে খবর দেওয়া হয় বন দফতরে। পরে উদ্ধারকারী দল ও বন দফতরের কর্মকর্তারা সেখানে পৌঁছে একটি সাপকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন। তবে অন্যটি মানুষের চলাচলে ভয় পেয়ে পালিয়ে যায়। জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে ‘মান্নাত’র চত্বরে দুই সাপের উপস্থিতি টের পাওয়া যায়। এরপর দ্রুত বন দফতরের কর্মকর্তাদের খবর দেওয়া হয়। খবর পেয়ে উদ্ধারকারী দল বাড়িতে পৌঁছে সাপ দুটির সন্ধানে তল্লাশি শুরু করে।
একপর্যায়ে বাড়ির উঠোনের সিঁড়ির নিচে একটি সাপকে লুকিয়ে থাকতে দেখা যায়। উদ্ধারকারীরা পরীক্ষা করে জানান, সেটি ইন্ডিয়ান র্যা ট স্নেক। স্বস্তির বিষয় হলো, এই প্রজাতির সাপ বিষধর নয়। উদ্ধারকারী দল সাপটির কাছে যেতেই সেটি আতঙ্কে কুণ্ডলী পাকিয়ে ফেলে। পরে বেশ সতর্কতার সঙ্গে সাপটিকে উদ্ধার করা হয়। বন দফতরের নিয়ম মেনে সেটিকে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে। তবে দ্বিতীয় সাপটির সন্ধান মেলেনি। ‘মান্নাত’র চত্বরে মানুষের চলাচল ও উদ্ধারকারী দলের তৎপরতায় সেটি ভয় পেয়ে অন্য কোথাও চলে যায় বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকারী দল বেশ কিছুক্ষণ খোঁজ চালিয়েও সাপটির সন্ধান পায়নি।
