জামালপুরের ইসলামপুর উপজেলার সীমান্তবর্তী যমুনা নদীতে গোসল করতে গিয়ে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার সীমান্তবর্তী গাড়ামারা এলাকায় যমুনা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশুরা হলো, উপজেলার গাড়ামারা এলাকার নজরুল ইসলামের মেয়ে শাকিলা (৭) ও উরুজল ইসলামের মেয়ে আলো আক্তার (৬)। তারা সম্পর্কে আপন চাচাতো বোন। জানা গেছে, সোমবার বিকালে চার শিশু যমুনা নদীতে জেগে ওঠা নতুন চরে খেলতে যায়। খেলা শেষে বাড়ি ফেরার পথে যমুনার একটি ছোট শাখা নদী সাঁতরে পার হওয়ার সময় শাকিলা ও আলো স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যায়।
পরে স্থানীয়রা খবর পেয়ে রাতভর নদীতে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পায়নি। সাঘাটার হলদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নূর ইসলাম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সাঁতরে নদী পার হওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার বিকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
