সাভার মডেল থানাধীন রামচন্দ্রপুর এলাকা থেকে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র, দু’টি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের প্রধান মো. আব্দুল হাকিম জোমাদ্দার ওরফে ‘হাইক্কা’ ডাকাত (৫০)কে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে দু’টি হ্যান্ডকাফ ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। গতকাল সকাল ১১টায় র্যাব-৪ ব্যাটালিয়ন সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান র্যাব-৪-এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, র্যাব-৪ ও র্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে সাভারের রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালায়। সেখানে অস্ত্রধারী কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছেÑ এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল হাকিম জোমাদ্দারকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আব্দুল হাকিম একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাই করতো। চক্রটি কখনো ডিবি পুলিশ ও কখনো র্যাবের পরিচয় দিয়ে এসব অপরাধ করতো বলে র্যাব জানায়। র্যাব আরও জানায়, উদ্ধার করা অবৈধ অস্ত্র ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাতো আব্দুল হাকিম ও তার সহযোগীরা।
