চট্টগ্রাম নগরের কে সি দে রোডের শহীদ মিনারের আন্ডারগ্রাউন্ড থেকে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুটের ঘটনায় কথিত ভুয়া ডিবি চক্রের মূলহোতা সাজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো। মঙ্গলবার পিবিআই চট্টগ্রাম মহানগর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
পিবিআই সূত্র জানায়, ২০২৪ সালের ২৯শে সেপ্টেম্বর ব্যবসায়ী পুলক দাশ (৪৫)কে ডিবি পরিচয়ে তুলে নেয় একটি চক্র। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে মারধর ও মুখ বেঁধে গাড়ি থেকে ফেলে দেয়া হয়। ওই সময় তার কাছ থেকে স্বর্ণ বিক্রির নগদ ১৭ লাখ ৯০ হাজার ৫২০ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ প্রায় ১ কোটি ১৫ লাখ ৩৩ হাজার ৬৫০ টাকা মূল্যের মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর পুলক দাশ ২০২৪ সালের ৮ই অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলা করেন। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্তের জন্য পরে আদালতের নির্দেশে তদন্তভার পায় পিবিআই।
পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার এস এম রফিকুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে চক্রটির মূলহোতা সাজু মিয়াকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি বলেন, আসামির জবানবন্দি ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে চক্রটির আরও কয়েকজন সদস্যের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পিবিআই জানিয়েছে, গ্রেপ্তার সাজু মিয়ার জবানবন্দি যাচাইসহ মামলার তদন্ত কার্যক্রম চলছে।
