নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও জনপ্রিয় করতে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যাশলেস নারায়ণগঞ্জ’ কর্মসূচি। মঙ্গলবার পূবালী ব্যাংকের উদ্যোগে এ কর্মসূচিতে ক্যাশলেস লেনদেনের সুবিধা ও বাংলা কিউ আর ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন বক্তারা।
বক্তারা বলেন, বর্তমান সময়ে মানুষের দৈনন্দিন জীবনে ডিজিটাল লেনদেনের ব্যবহার দ্রুত বাড়ছে। নগদ টাকা বহনের ঝুঁকি ও ঝামেলা কমিয়ে মোবাইল কিংবা অন্যান্য ডিজিটাল মাধ্যমে দ্রুত ও সহজেই লেনদেন করা সম্ভব। এ ক্ষেত্রে বাংলা কিউ আর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তারা আরও বলেন, একটি মাত্র বাংলা কিউ আর কোড ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও আর্থিক সেবার মাধ্যমে লেনদেন করা যায়। এতে ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্যই লেনদেন প্রক্রিয়া সহজ হচ্ছে। পাশাপাশি নগদ টাকা গুনে দেয়া, ফেরত নেয়া কিংবা সঙ্গে বহনের ঝামেলাও কমছে।
অনুষ্ঠানে উপস্থিত ক্রেতারাও বাংলা কিউ আর ব্যবহারের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা বলেন, কেনাকাটার সময় হাতে নগদ টাকা না থাকলেও ডিজিটাল পদ্ধতিতে সহজেই মূল্য পরিশোধ করা যাচ্ছে। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি লেনদেনের হিসাব রাখাও সহজ হচ্ছে।
এ সময় ব্যবসায়ীদের ক্যাশলেস লেনদেনে আরও বেশি অভ্যস্ত হওয়ার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ খান। বিশেষ অতিথি ছিলেন উপ-মহাব্যবস্থাপক ও বিভাগ প্রধান মো. রবিউল আলম, উপ-মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. সাইফুল আলম সরকার। নারায়ণগঞ্জের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নিতাইগঞ্জ শাখার সহকারী-মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. শফিউল আযম, টানবাজার শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা প্রধান মো. মাহবুবুর রহমান ভূঁইয়া প্রমুখ।
