মৎস্য পদক পেলেন জুয়েল

ফন্ট সাইজ:

কাঁকড়া, ঝিনুক ও শামুক রপ্তানিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘জাতীয় মৎস্য পদক-২০২৬ স্বর্ণপদক পেয়েছেন সাতক্ষীরার শ্যামনগরের উদ্যোক্তা সহিদুল ইসলাম জুয়েল। তার প্রতিষ্ঠান ‘আকুয়ামেক্স লিমিটেড’ শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী এলাকায় সফটশেল কাঁকড়া উৎপাদন ও আন্তর্জাতিক বাজারে রপ্তানিতে দীর্ঘদিন ধরে কাজ করছে। গত রোববার কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়াম মাঠে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর কেন্দ্রীয় কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মৎস্য খাতের বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পদক দেয়া হয়। অনুষ্ঠানে জুয়েলের হাতে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী। জাতীয় পর্যায়ে এই রাষ্ট্রীয় স্বীকৃতি এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে আরও বেগবান করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পদক বিতরণ শেষে পদকপ্রাপ্তদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন প্রধানমন্ত্রী।